বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) উপলক্ষে সাব্রুমে বিএলও ও সুপারভাইজারদের গুরুত্বপূর্ণ বৈঠক

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১০ জুলাই || আসন্ন বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision–SIR) কর্মসূচিকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমা শাসকের (এসডিএম) কার্যালয়ের সম্মেলন কক্ষে শুক্রবার বিএলও (Booth Level Officer) এবং বিএলও সুপারভাইজারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সাব্রুমের মহকুমা শাসক (এসডিএম) সুমন রক্ষিত এবং ডিসিএম রতন দাস। সভায় বিশেষ নিবিড় পুনর্বিবেচনা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভোটার তালিকা হালনাগাদ, নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তি, মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম অপসারণ বা সংশোধন, তথ্য যাচাই এবং নির্ধারিত সময়সীমার মধ্যে নির্ভুলভাবে কাজ সম্পন্ন করার বিষয়ে বিএলও ও সুপারভাইজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি নির্ভুল, হালনাগাদ ও স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক বিএলওকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিশেষ নিবিড় পুনর্বিবেচনা কর্মসূচিকে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
প্রশাসনের আশা, সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে এবং ভোটার তালিকা আরও নির্ভুল ও স্বচ্ছ হয়ে উঠবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*