আধুনিক TIME Hospital-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের আশাবাদ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই || রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। শুক্রবার শহরতলীর কুড়িপুকুরে নবনির্মিত TIME Hospital-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক চিকিৎসা পরিকাঠামো ও উন্নত সুযোগ-সুবিধাসমৃদ্ধ এই হাসপাতাল রাজ্যের মানুষের কাছে মানসম্মত, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁর দৃঢ় বিশ্বাস, এই হাসপাতাল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করবে।
তিনি আরও বলেন, শুধু উন্নত চিকিৎসা পরিষেবাই নয়, এই হাসপাতাল স্বাস্থ্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং রাজ্যের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
মুখ্যমন্ত্রী জানান, সুস্থ, উন্নত ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তুলতে রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থার এমন ইতিবাচক উদ্যোগকে সরকার সর্বদা স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এই ধরনের বিনিয়োগ ও সহযোগিতাকে উৎসাহিত করবে।
উল্লেখ্য, কুড়িপুকুরে প্রতিষ্ঠিত TIME Hospital আধুনিক চিকিৎসা প্রযুক্তি, উন্নত পরিকাঠামো এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*