আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই || সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লিগ-২০২৬ শনিবার আগরতলার ক্ষুদিরাম স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়। নক-আউট ভিত্তিক এই প্রতিযোগিতায় অংশ নেয় চারটি দল—এপিসি ফাইটার, এপিসি টাইগার, এপিসি ওয়ারিয়র এবং এপিসি লায়ন। রোমাঞ্চকর ফাইনালে এপিসি টাইগারকে ৬-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এপিসি ওয়ারিয়র।
ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন অমিত দেববর্মা। একাই চারটি গোল করে তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ম্যাচসেরার সম্মান অর্জন করেন।
এর আগে প্রথম সেমিফাইনালে এপিসি ওয়ারিয়র ২-১ গোলে এপিসি লায়নকে হারিয়ে ফাইনালে ওঠে। ওয়ারিয়রের হয়ে গোল করেন অমিত দেববর্মা ও সুমিত সিংহ। লায়নের একমাত্র গোলটি আসে আত্মঘাতী গোলের সুবাদে। এই ম্যাচে জাকির হোসেন ম্যাচসেরা নির্বাচিত হন।
দ্বিতীয় সেমিফাইনালে এপিসি টাইগার ১-০ গোলে এপিসি ফাইটারকে পরাজিত করে ফাইনালে স্থান নিশ্চিত করে। দলের হয়ে একমাত্র গোলটি করেন প্রণব শীল। তিনিই ম্যাচসেরার পুরস্কার লাভ করেন।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এপিসি লায়ন ৪-০ গোলে এপিসি ফাইটারকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে। কিংকর শীল দুটি গোল করেন। এছাড়া অভিজিৎ মজুমদার ও অলোক চৌধুরী একটি করে গোল করেন। কিংকর শীল ম্যাচসেরা নির্বাচিত হন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিমল রায় চৌধুরী, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিত চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি চিত্রা রায় এবং সম্পাদক রমাকান্ত দে।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় আগরতলা প্রেস ক্লাবের বছরব্যাপী ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি (আইসিএ) দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি চিত্রা রায় এবং সম্পাদক রমাকান্ত দে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।
ব্যক্তিগত পুরস্কারের মধ্যে অমিত দেববর্মা সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করেন। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন স্বপন মিয়া।
উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার দলের অধিনায়ক ছিলেন সুপ্রভাত দেবনাথ (এপিসি ফাইটার), অভিষেক দেববর্মা (এপিসি টাইগার), সুমিত সিংহ (এপিসি ওয়ারিয়র) এবং মেঘধন দেব (এপিসি লায়ন)।
