বিশ্ব জনসংখ্যা দিবসে সাব্রুম বালিকা বিদ্যালয়ে সচেতনতামূলক অনুষ্ঠান

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১১ জুলাই || বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শনিবার পিএমশ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আইটি কক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও ১১ জুলাই বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। ১৯৮৯ সালে জাতিসংঘ ১১ জুলাইকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে ঘোষণা করে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “যুবকদের আকাঙ্ক্ষা আজ, ভবিষ্যতের বাস্তবায়ন।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতচাঁদ বিদ্যালয় পরিদর্শক রঞ্জন দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল দেবনাথ এবং শিক্ষক সঞ্জয় দেবনাথ, রাহুল দেবনাথ ও কৌশিক বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব তুলে ধরে জনসংখ্যা বৃদ্ধি, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ ছাত্রীদের উদ্দেশে বলেন, সচেতনতা, শিক্ষা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা পালনের মাধ্যমেই একটি সুস্থ, সুষম ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস বলেন, “জনসংখ্যা বৃদ্ধি শুধু সংখ্যার বিষয় নয়, এর সঙ্গে আমাদের ভবিষ্যৎও ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল হই, তাহলে এই বিশাল জনশক্তিকে দেশের উন্নয়নের সম্পদে পরিণত করতে পারব। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে চীন, জনশক্তিকে উন্নয়নের শক্তিতে রূপান্তর করার উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে। পরিকল্পিত পরিবার, শিক্ষা ও টেকসই উন্নয়নের মাধ্যমে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন। বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষার প্রসার এবং যুব সমাজের ইতিবাচক অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*