আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই || পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহায়তায় শনিবার আম্বেদকর পল্লির দওক গ্রামে বনমহোৎসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুকান্ত সরকার এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন্স কলেজের প্রাক্তন এনএসএস প্রোগ্রাম অফিসার মৃণাল চক্রবর্তী।
কর্মসূচির অংশ হিসেবে এনএসএস-এর স্বেচ্ছাসেবীরা গ্রামজুড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন। এদিনের এই সবুজায়ন অভিযানে এলাকার অভিভাবক ও গ্রামবাসী, বিশেষ করে শিশু-কিশোররাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করে তোলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশেষ অতিথি সুকান্ত সরকার বলেন, বর্তমান যান্ত্রিক সভ্যতায় গাছই সমগ্র জীবজগতের বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন। তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; সেগুলিকে সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তোলার জন্য সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা প্রয়োজন।
অন্যদিকে, সম্মানীয় অতিথি মৃণাল চক্রবর্তী পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, খরা মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভূমিক্ষয় প্রতিরোধে বৃক্ষরোপণের বিকল্প নেই।
সমগ্র কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন উইমেন্স কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন।
