১ আগস্ট থেকে পশ্চিম ত্রিপুরায় শুরু জনগণনার প্রথম পর্যায়, ১৭ জুলাই থেকেই চালু স্বয়ং গণনা ব্যবস্থা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই || পশ্চিম ত্রিপুরা জেলায় আগামী ১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের হাউস লিস্টিং অপারেশন। এই কার্যক্রম চলবে ৩০ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড. বিশাল কুমার।
তিনি জানান, জনগণনা ২০২৭ দুইটি ধাপে সম্পন্ন করা হবে। প্রথম ধাপে ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়ির তালিকাকরণ (হাউস লিস্টিং) ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ করা হবে।
জেলাশাসক আরও বলেন, হাউস লিস্টিং অপারেশন শুরুর আগে ভারতের জনগণনার ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্র সরকার স্বয়ং গণনা (Self Enumeration)-এর ব্যবস্থা চালু করেছে। বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত নাগরিকরা নিজেরাই নিজেদের পরিবারের তথ্য অনলাইনে নিবন্ধন করতে পারবেন। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে।
তিনি জানান, ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় জনগণনার কাজে নিয়োজিত প্রায় ২ হাজার এনিউমারেটর ও সুপারভাইজার বাড়ি বাড়ি গিয়ে আবাসনের অবস্থা এবং পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য পরবর্তীতে অনলাইন পোর্টালে আপলোড করা হবে।
সাংবাদিক সম্মেলনে জেলাশাসকের পাশাপাশি বিভিন্ন মহকুমা শাসক ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*