বলরাম দেবনাথ, সাব্রুম, ১৫ জুলাই || অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সাব্রুম নগর শাখার উদ্যোগে মঙ্গলবার সাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজ-এ যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উদ্যাপিত হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় ‘মেধা কৃতি বিদ্যার্থী সংবর্ধনা-২০২৬’ কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্রুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন এবিভিপি পিলাক জেলার সংযোজক প্রশান্ত চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক, গৌতম ত্রিপুরা-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। পরে স্থানীয় কৃতী ও মেধাবী ছাত্রছাত্রীদের তাদের শিক্ষাক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যবসায়, শৃঙ্খলা, দেশপ্রেম এবং সমাজসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করার মাধ্যমে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে এবং শিক্ষার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।
এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ চত্বরে ছাত্রছাত্রী ও এবিভিপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, আগামী দিনেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।
