বলরাম দেবনাথ, সাব্রুম, ১৫ জুলাই || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার অন্তর্গত ছোটখিল বিজয়নগর এলাকায় এক নাবালিকা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সে স্থানীয় ব্রজেন্দ্র নগর গার্লস হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে সাব্রুম থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা গেছে, তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল থেকে সাব্রুম থানার সাব-ইন্সপেক্টর (এসআই) কানু রঞ্জন দেবের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে জেলা সদর বিলোনিয়া থেকে একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ সংগ্রহ করছে।
এদিকে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার সব দিক খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক তদন্তের ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
নাবালিকা ছাত্রীর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।
