বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুলাই || রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষের মাধ্যমে মানুষকে স্বনির্ভর করে তুলতে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে মৎস্য দপ্তর। সেই উদ্যোগের অংশ হিসেবে বুধবার বগাফা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় শান্তিরবাজার পৌর পরিষদ এলাকায় ২৬ জন উপভোক্তার মধ্যে মাছের রেণু (পোনা) বিতরণ করা হয়।
শান্তিরবাজার পৌর পরিষদের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত উপভোক্তাদের হাতে মাছের রেণু তুলে দেওয়া হয়। মৎস্যচাষে আগ্রহী উপভোক্তাদের উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, কাউন্সিলর নেপাল চন্দ্র দাস, কাউন্সিলর রাকেশ দাস, বগাফা মৎস্য দপ্তরের ফিশারিজ অফিসার তানিক দাস, ফিশারিজ অ্যাসিস্ট্যান্ট পরিমল দেবনাথসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিশারিজ অফিসার তানিক দাস জানান, রাজ্য সরকারের উদ্যোগে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের মাছের রেণু বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতেও মৎস্যচাষীদের প্রয়োজনীয় সহায়তা ও প্রযুক্তিগত পরামর্শ প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা উপভোক্তাদের হাতে মাছের রেণু তুলে দেন। কর্মসূচিকে ঘিরে উপভোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় মৎস্যচাষীদের মতে, এ ধরনের সরকারি সহায়তা মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
