বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা: শান্তিরবাজার মোটরস্ট্যান্ডে মাঠে উল্টে পড়ল ব্যাটারিচালিত অটো, আহত চালক

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুলাই || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মোটরস্ট্যান্ডের শনিমন্দির সংলগ্ন এলাকায় বুধবার রাতে একটি ব্যাটারিচালিত অটোর দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি রাস্তার পাশের গ্যালারির কাছে মাঠে পড়ে যায়। দুর্ঘটনায় অটোচালক আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, TR-08B-3239 নম্বরের ব্যাটারিচালিত অটোটি শান্তিরবাজার থেকে লাউগাং যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার সময় অটোতে কোনো যাত্রী ছিলেন না। আহত চালকের পরিচয় বাসু দাস (৪১) বলে জানা গেছে। তিনি লাউগাং এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। তারা আহত চালককে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান, যেখানে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে দুর্ঘটনাগ্রস্ত অটোটি মাঠ থেকে উদ্ধার করতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে দমকল কর্মীদের সহায়তা করেন।
উল্লেখ্য, বর্তমানে শান্তিরবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অভিযোগ, অনেক চালকই বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, যাত্রী ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে ব্যাটারিচালিত অটোর গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক বিধি কঠোরভাবে প্রয়োগে প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*