আগরতলায় শুরু ‘সোল অন ক্যানভাস’— ৩য় জাতীয় দলীয় শিল্পকলা প্রদর্শনীতে দেশের ৫০ শিল্পীর অংশগ্রহণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই || আসামের জেনিথ এবং পশ্চিমবঙ্গের চিত্রাঙ্গন-এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে ৩য় জাতীয় দলীয় শিল্পকলা প্রদর্শনী ‘সোল অন ক্যানভাস’। গতকাল থেকে আগামী ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত আগরতলার ললিতকলা একাডেমি আর্ট গ্যালারিতে চার দিনব্যাপী এই চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য শ্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী এস. সুরেশ কুমার (গ্রাফিক সুপারভাইজার, ললিতকলা একাডেমি), শ্রী সুমন মজুমদার (জিসি/ইবি সদস্য, ললিতকলা একাডেমি, নয়া দিল্লি) এবং বিশিষ্ট শিল্পী শ্রীমতি সংঘমিত্রা নন্দী।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অসমীয়া গামছা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে অতিথিরা শিল্পীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং জাতীয় স্তরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এবারের প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রখ্যাত ৫০ জন চিত্রশিল্পীর চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে। শিল্পপ্রেমীদের জন্য প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
অনুষ্ঠানে জেনিথ গ্রুপের পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকে উত্তরীয়, শুভেচ্ছা স্মারক এবং একটি ক্যাটালগ প্রদান করেন সংস্থার সভাপতি জয়দীপ চক্রবর্তী, সম্পাদক আলী হাইদার এবং অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, জেনিথ গ্রুপের উদ্যোগে জাতীয় স্তরের এই তৃতীয় শিল্পকলা প্রদর্শনী এবার ত্রিপুরার আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে। শিল্প ও সংস্কৃতির বিকাশে এমন উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আগামী ১৭ জুলাই রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে এই চার দিনব্যাপী প্রদর্শনীর সমাপ্তি ঘটবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*