আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই || ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় আরও একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। রাজ্যের প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে অষ্টম কিডনি প্রতিস্থাপন। এই সাফল্যের মাধ্যমে রাজ্যের রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে জিবি হাসপাতাল আরও এক ধাপ এগিয়ে গেল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় অত্যন্ত সফলভাবে এই কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রতিস্থাপনপ্রাপ্ত রোগী এবং কিডনি দাতা—উভয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট (এমএস) ডা. বিধান গোস্বামী জানান, জিবি হাসপাতালে এটি অষ্টম সফল কিডনি প্রতিস্থাপন। চিকিৎসকদের দক্ষতা, আধুনিক পরিকাঠামো এবং সমন্বিত স্বাস্থ্য পরিষেবার ফলেই এই ধারাবাহিক সাফল্য সম্ভব হয়েছে।
এদিকে, কিডনি প্রতিস্থাপন দলের অন্যতম সদস্য ডা. মানস গোপ বলেন, এই সাফল্য শুধু চিকিৎসকদের নয়, গোটা স্বাস্থ্যব্যবস্থার সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আরও বেশি সংখ্যক রোগীকে রাজ্যেই উন্নতমানের কিডনি প্রতিস্থাপনের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
স্বাস্থ্য মহলের মতে, জিবি হাসপাতালে ধারাবাহিকভাবে কিডনি প্রতিস্থাপনে সাফল্য অর্জন ত্রিপুরার চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে রাজ্যের বহু কিডনি রোগীকে উন্নত চিকিৎসার জন্য আর রাজ্যের বাইরে যেতে হবে না।
