পঁচিশের আলোয় ‘স্পর্শ’—সৃজন, মেলবন্ধন ও নতুন দিগন্তঃ রজত জয়ন্তীতে ত্রিমুখী ডিজিটাল বিপ্লব: ‘স্পর্শ’ মাসিক বাংলা সাহিত্য পত্রিকার

গোপল সিং, খোয়াই, ১৬ জুলাই || দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় নিরলস অবদান রেখে চলা, সংস্কৃতির শহর খোয়াই থেকে প্রকাশিত ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা ‘স্পর্শঃ সাহিত্য সৃজনের অনুরণন’, ১৬ই জুলাই পদার্পন করলো গৌরবময় ২৫তম বর্ষে (রজত জয়ন্তী)। এই বিশেষ মাইলফলককে স্মরণীয় করে রাখতে এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে একগুচ্ছ অভিনব ও যুগান্তকারী ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছেন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক যশপাল সিং। তিনি জানান, ২০০২ সালের ১৬ই জুলাই সম্পূর্ণ লিটল ম্যাগাজিন হিসেবে সংস্কৃতির শহর খোয়াইয়ের বুকে প্রথম আত্মপ্রকাশ করে ‘স্পর্শ’। ২০১৭ সালের মধ্যে অত্যন্ত সফলতার সাথে ৬০টি মানসম্মত সংখ্যা প্রকাশিত হয়। এরপর দীর্ঘ নীরবতা ভেঙে চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের ৩০শে মে থেকে পুনরায় নতুন উদ্যমে যাত্রা শুরু করে পত্রিকাটি। সেসময় ২৪তম বর্ষের ৬১তম সংখ্যাটি প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পত্রিকা আকারে আত্মপ্রকাশ করে। এরপর থেকে ক্রমান্বয়ে ই-পত্রিকা (ডিজিটাল রূপ) হিসেবে এটি প্রকাশিত হয়ে আসছে। ইতিমধ্যেই ৬২তম সংখ্যার পর চলতি জুলাই মাসে এর ৬৩তম সংখ্যাটি প্রকাশের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।
পত্রিকার সীমানা ছাড়িয়ে কবি ও সাহিত্যিকদের এক সুতোয় বাঁধতে ইতিমধ্যেই গঠন করা হয়েছে ‘স্পর্শ কবিতা ক্লাব’। খুব দ্রুতই এর একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। তবে এই রজত জয়ন্তী বর্ষের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে আগামী ১৬ই জুলাই থেকে পথচলা শুরু করতে যাওয়া ‘স্পর্শ কবিতা ক্লাব’-এর নিজস্ব ‘ব্লগার সাইট’। বাংলা সাহিত্যের বাছাইকৃত মানসম্পন্ন লেখাসমূহ বিশ্বদরবারে স্থায়ীভাবে তুলে ধরার লক্ষ্যে এই আধুনিক প্ল্যাটফর্মটির সূচনা করা হচ্ছে। ফেসবুক পেজের মাধ্যমে প্রতিদিন নিয়মিত লেখা প্রকাশের অভিনব আয়োজন ‘স্পর্শ দৈনিক পাণ্ডুলিপি’ ইতিমধ্যেই বিপুল পাঠকপ্রিয়তা পেয়েছে। এই অভূতপূর্ব সাড়াকে সম্মান জানিয়ে ২৫তম বর্ষে নতুন সংযোজন হিসেবে এই ‘দৈনিক পাণ্ডুলিপি’ বা ‘দৈনিক লেখনী’ বিভাগটি প্রতিদিন একটি ই-সংখ্যা (দৈনিক ই-পেপার) আকারে প্রকাশিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা সাহিত্যের প্রসারে ‘স্পর্শ’ এখন তিনটি পৃথক ও অনন্য প্ল্যাটফর্মের সমন্বয় ঘটিয়েছে। এর মধ্যে রয়েছে এক. দৈনিক পাণ্ডুলিপি: প্রতিদিন তাৎক্ষণিক সাহিত্য সৃষ্টি ও তা প্রকাশের ডিজিটাল মাধ্যম। দুই. স্পর্শ সাহিত্য পত্রিকা: প্রতি মাসে অত্যন্ত যত্ন সহকারে সম্পাদিত মাসিক ই-পত্রিকা এবং তিন. ব্লগার সাইট: বিশ্বজুড়ে বাংলা সাহিত্যের মানসম্মত সৃষ্টির স্থায়ী ওয়েব সংরক্ষণশালা।
সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক যশপাল সিং-এর মতে, এই সমগ্র ত্রিমুখী ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যই হলো বাংলা ভাষা ও সাহিত্যের সংরক্ষণ, বিশ্বব্যাপী এর প্রচার এবং সর্বোপরি প্রবীণ সাহিত্যিকদের অভিজ্ঞতার সাথে নবীন প্রজন্মের মেধার এক মেলবন্ধন তৈরি করা। বিগত ২৪ বছর ধরে ত্রিপুরা রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে ‘স্পর্শ’ অকুণ্ঠ ভালোবাসা পেয়েছে, রজত জয়ন্তীর এই নতুন ডিজিটাল জয়যাত্রায় সেই ভালোবাসাকে মূলধন করেই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলা সাহিত্যের রশদ পৌঁছে দিতে বদ্ধপরিকর ‘স্পর্শ কবিতা ক্লাব’।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*