বাংলা ভাষার চরম অবমাননার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন সাহিত্যানুরাগী ও সংস্কৃতিপ্রেমীরা

গোপল সিং, খোয়াই, ১৭ জুলাই || সংস্কৃতির শহর খোয়াইয়ের বুকে বাংলা ভাষার চরম অবমাননার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। খোয়াই সুভাষপার্ক স্থিত আই.আই.এফ.এল (IIFL Gold Loan) ফিন্যান্স অফিসের দোতলার সিঁড়িতে বাংলা ভাষার অসম্মান করার এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার এক সাহিত্যানুরাগী। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভকে জনসমক্ষে তুলে ধরতে তিনি শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন।
উদ্বিগ্ন ওই সাহিত্যানুরাগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু মনে হলো। খোয়াই সুভাষপার্ক এলাকার আই.আই.এফ.এল অফিসের দোতলার সিঁড়িতে যেভাবে বাংলা ভাষার অপমান করা হয়েছে, তা একজন বাঙালি হিসেবে মেনে নেওয়া অসম্ভব ও অত্যন্ত কষ্টদায়ক। সেখানে সিঁড়ির ধাপে এমনভাবে বাংলা অক্ষর ও শব্দ ব্যবহার করা হয়েছে, যা মানুষ পা দিয়ে পিষে উপরে উঠছে। মাতৃভাষার অক্ষরের ওপর এভাবে প্রতিদিন শয়ে শয়ে মানুষের পা পড়া ভীষণ দৃষ্টিকটু এবং এটি স্পষ্টত বাংলা ভাষার অবমাননা।” এই ঘটনার সত্যতা ও প্রমাণস্বরূপ তিনি সংবাদ মাধ্যমের কাছে ছবি ও তথ্যও প্রেরণ করেছেন।
খোয়াইয়ের সচেতন নাগরিকদের দাবি, সংস্কৃতির পীঠস্থান হিসেবে পরিচিত খোয়াই শহরের বুকেই যদি এভাবে মাতৃভাষাকে লাঞ্ছিত হতে হয়, তবে তা সমগ্র জাতির জন্য লজ্জাজনক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় ভাষা ও সাহিত্যানুরাগীদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট ফিন্যান্স সংস্থা বা প্রশাসন যদি অনতিবিলম্বে এই দৃষ্টিকটু ও অপমানজনক কর্মকাণ্ডের স্থায়ী বিহিত না করে, তবে আগামী দিনে বাংলা ভাষার সম্মান রক্ষার্থে মহকুমা ও জেলাস্তরে এক বিশাল প্রতিবাদের ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন দেখার, এই তীব্র প্রতিবাদের মুখে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিঁড়ি থেকে বাংলা অক্ষরের এই অবমাননাকর রূপ দ্রুত সরিয়ে নেয় কি না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*