গোপল সিং, খোয়াই, ১৭ জুলাই || ঐতিহ্যবাহী রথযাত্রায় উৎসবে মাতল খোয়াই। পঞ্জিকা মতে পুণ্য তিথিতে বৃহস্পতিবার খোয়াইয়ের রাজপথে গড়াল শ্রীশ্রী জগন্নাথ দেবের রথের চাকা। সকাল থেকেই খোয়াই জুড়ে রথযাত্রাকে কেন্দ্র করে এক অভূতপূর্ব উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ছোট-বড় রথের আনাচে-কানাচে উপচে পড়া ভিড়ে আজ গোটা খোয়াই মহকুমা যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল।
খোয়াইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রার মূল আকর্ষণ ছিল রাজপথ দিয়ে সুসজ্জিত রথ টেনে নিয়ে যাওয়া। যুগ যুগ ধরে চলে আসা এই ধর্মীয় ও সাংস্কৃতিক মিলন উৎসবে আজ বর্ণ ও ধর্মের ভেদাভেদ ভুলে শামিল হন আবালবৃদ্ধবনিতা। বিশেষ নজর কেড়েছে খোয়াই থানার বিদায়ী ওসি কৃষ্ণধন সরকারের গুরু দায়িত্ব পালনের মধ্যেও খোয়াইয়ের জনগণের ভালোবাসায় সিক্ত বিদায়ী ওসি-কেও এদিন সর্বসাধারণের সাথে ঐতিহ্যবাহী রথের দড়িতে টান দিতে দেখা যায়। এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবীদের থেকে শুরু করে আমজনতা—সকলেই পরম ভক্তিতে জগন্নাথ দেবের রথ টেনে নিজেদের পুণ্য অর্জনে ব্রতী হন। খোয়াই হরিমন্দির, কৃষ্ণ মন্দির, সমতল পদ্মবিল সহ আমতলির ঐতিহ্যবাহী রথের দড়িতে টান দিতে ভক্তরা ভীড় জমান।
তবে প্রতিবারের মতো এবারও রথযাত্রার মূল প্রাণশক্তি ছিল কচিকাঁচারা। খোয়াইয়ের অলিতে-গলিতে ছোট ছোট সুসজ্জিত রথ নিয়ে শিশুদের দৌড়ঝাঁপ ও উল্লাস ছিল সত্যিই দেখার মতো। নিজেদের তৈরি বা মেলা থেকে কেনা রথ সাজিয়ে, তাতে জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তি বসিয়ে ছোট ছোট দড়িতে টান দেওয়ার জন্য খুদেদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
রথযাত্রা উপলক্ষে খোয়াইয়ের বিভিন্ন মন্দির চত্বরে বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা। মেলার হরেক রকমের দোকান, পাঁপড় ভাজা এবং জিলিপির সুবাসে চারপাশ মুখরিত। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে খোয়াই থানার পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে ভক্তি, ঐতিহ্য ও উৎসবের চেনা মেজাজে খোয়াইয়ে আজ উদযাপিত হলো আনন্দঘন রথযাত্রা।
