গোপল সিং, খোয়াই, ২৪ জুলাই || খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। রাস্তার জরাজীর্ণ অবস্থার জন্য প্রায় প্রতিদিন এই সড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ছে। এমনকি মুমূর্ষু রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স পর্যন্ত দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা নিয়ে সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জনভোগান্তির এই জ্বলন্ত বিষয়টি গত ২১শে জুলাই রাজ্য বিধানসভার এস্টিমেটস কমিটির (Estimates Committee) সভায় জোরালোভাবে উত্থাপন করেন খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে সরজমিনে রাস্তাটি পরিদর্শন করা হবে।
সেই সিদ্ধান্ত মোতাবেক আজ, ২৪শে জুলাই ২০২৬ তারিখে রাজ্য বিধানসভার এস্টিমেটস কমিটির চেয়ারম্যান অন্তরা সরকার দেব, বিধায়ক নির্মল বিশ্বাস, বিধায়ক মইলাফ্রু মগ, বিধায়ক বিশ্বজিৎ কলই এবং বিধায়ক মানব দেববর্মার যৌথ নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই বেহাল সড়কটি পরিদর্শনে যান। এই পরিদর্শন দলে কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন এনএইচআইডিসিএল (NHIDCL)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (ED) সহ NHIDCL ও পিডব্লিউডি (PWD NH)-র শীর্ষ আধিকারিকেরা। এছাড়াও প্রশাসনিক স্তরে উপস্থিত ছিলেন খোয়াই ও মোহনপুরের মহকুমা শাসক।
পরিদর্শনকালে উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলটি রাস্তার বিভিন্ন ভয়াবহ অংশ ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা শোনেন। পরিদর্শন শেষে আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল, কীভাবে অতি দ্রুত ও যুদ্ধকালীন তৎপরতায় এই সড়কটিকে পুনরায় সাধারণ মানুষের চলাচলের যোগ্য করে গড়ে তোলা যায়। এই লক্ষ্যে এনএইচআইডিসিএল এবং পিডব্লিউডি দপ্তরকে দ্রুত বিশেষ উদ্যোগ ও সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন দেখার, এই উচ্চপর্যায়ের পরিদর্শনের পর কত দ্রুত খোয়াই-আগরতলা সড়কের ভাগ্য ফেরে।
