আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর || ২০২৪ সালে টেট-১ ও টেট-২ উত্তীর্ণ ১৮৫৬ জন চাকরিপ্রার্থীর একযোগে নিয়োগের দাবিতে ফের সরব হলেন বেকার যুবক-যুবতীরা। বৃহস্পতিবার নিয়োগের দাবিতে জেআরবিটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, ২০২৪ সালে টেট-১ ও টেট-২ উত্তীর্ণ সকল ১৮৫৬ জনকে অবিলম্বে একযোগে নিয়োগ করতে হবে।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, নিয়োগের দাবিতে তাঁরা একাধিকবার মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করলেও এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ মেলেনি। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ বাড়ছে বলেও জানান তাঁরা।
এদিন জেআরবিটি বোর্ডের সামনে নিজেদের দাবি-দাওয়া নিয়ে সরব হন চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, যোগ্যতা অর্জন করার পরও দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত তাঁদের সমস্যার সমাধান করে ১৮৫৬ জনকে একযোগে নিয়োগের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। একপর্যায়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে বলে অভিযোগ। পরে আন্দোলনরত বেকার যুবক-যুবতীদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া চাকরিপ্রার্থীদের গাড়িতে করে রেডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়।
এদিকে, দ্রুত নিয়োগের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
