আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || আগরতলার ক্রেতাদের জন্য সুখবর। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড রয়্যালওক ফার্নিচার শহরে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করল। ১২,০০০ বর্গফুট জায়গাজুড়ে গড়ে ওঠা এই স্টোরে থাকছে রয়্যালওকের বিশেষ কান্ট্রি স্টোর কালেকশন-সহ আন্তর্জাতিক মানের ফার্নিচারের বিশাল সম্ভার।
জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া, বিশেষ কল্যাণ ও সামাজিক শিক্ষা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায়, খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক, পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন লোহিয়া গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান কৈলাস চন্দ্র লোহিয়া, ফ্র্যাঞ্চাইজি পার্টনার তথা এম/এস লোহিয়া গ্রুপ অব কোম্পানিজের প্রতিনিধি রাহুল লোহিয়া, রয়্যালওক ইনকর্পোরেশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বিজয় সুব্রহ্মণ্যম এবং সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মাথান সুব্রহ্মণ্যম।
নতুন এই স্টোরে লিভিং রুম, শোবার ঘর, ডাইনিং স্পেস, স্টাডি ও অফিস, আউটডোর, হোম ডেকর এবং ম্যাট্রেস-সহ বাড়ির প্রায় প্রতিটি প্রয়োজনের উপযোগী ফার্নিচারের সম্ভার রাখা হয়েছে। ফলে আগরতলার মানুষ এখন নিজেদের পছন্দ, প্রয়োজন ও বাজেট অনুযায়ী আধুনিক, স্টাইলিশ ও কার্যকরী ফার্নিচার এক ছাদের নীচে কেনার সুযোগ পাবেন।
আগরতলায় ফ্ল্যাগশিপ স্টোর চালুর মধ্য দিয়ে ত্রিপুরায় ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় বাজারে উন্নতমানের ফার্নিচার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও আরও জোরালো করল রয়্যালওক। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে ব্যবসা সম্প্রসারণের সঙ্গে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে আরও বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে নিয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রয়্যালওক ফার্নিচারের চেয়ারম্যান বিজয় সুব্রহ্মণ্যম বলেন, আগরতলায় ফ্ল্যাগশিপ স্টোর চালু করতে পেরে সংস্থা অত্যন্ত আনন্দিত। বর্তমানে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহিতে রয়্যালওকের ২৫০-রও বেশি স্টোর রয়েছে। আগরতলার নতুন স্টোরটি গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার পাশাপাশি এই বাজারের ক্রমবর্ধমান সম্ভাবনার প্রতি সংস্থার আস্থার প্রতিফলন বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আগরতলার মানুষ সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের পণ্য দিয়ে নিজেদের ঘর সাজাতে আগ্রহী বলেই সংস্থার বিশ্বাস। গ্রাহকদের উন্নতমানের পণ্য ও ব্যতিক্রমী পরিষেবা দেওয়ার পাশাপাশি তাঁদের স্বপ্নের বাড়ির জন্য উপযুক্ত ফার্নিচার বেছে নিতে সহযোগিতা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
নতুন এই ফ্ল্যাগশিপ স্টোর চালুর ফলে আগরতলার ফার্নিচার বাজারে পছন্দের পরিসর আরও বাড়ল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক ছাদের নীচে বিভিন্ন ধরনের ফার্নিচার ও হোম ডেকরের সম্ভার পাওয়ায় শহর ও আশপাশের এলাকার ক্রেতাদের কাছে স্টোরটি আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলেই আশা সংস্থার।
