শৈশবের স্কুলে ফিরে NEET উত্তীর্ণ সৃষ্টি, শিক্ষার্থীদের দিলেন স্বপ্নপূরণের অনুপ্রেরণা

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৫ সেপ্টেম্বর || শৈশবের স্কুলে ফিরে নিজের সাফল্যের গল্প শোনালেন সৃষ্টি বিশ্বাস। NEET পরীক্ষায় সফল হয়ে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি পন্থ হাসপাতালে (AGMC) ভর্তির সুযোগ পেয়েছেন নলুয়া-অভয়নগরের বাসিন্দা সৃষ্টি। তাঁর এই সাফল্যে গর্বিত পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন বিদ্যালয়।
হৃষ্যমুখ ব্লকের অভয়নগর এলাকায় অবস্থিত জ্যোতিস্মরানন্দ শিশুনিকেতন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাক্তন ছাত্রী সৃষ্টি ছোটবেলায় এই বিদ্যালয়েই পড়াশোনা করেছেন। ২০১০ সালে পথচলা শুরু করা এই বিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করে বহু ছাত্রছাত্রী বর্তমানে নিজেদের স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছেন।
NEET-এ সাফল্য অর্জনের পর নিজের শৈশবের স্মৃতিবিজড়িত বিদ্যালয়ে ফিরে আসেন সৃষ্টি। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জ্যোতির্ময় দাস, সেক্রেটারি নারায়ণ ভৌমিক, সভাপতি স্বপন রায়সহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে নিজের সাফল্যের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন সৃষ্টি। পড়াশোনায় মনোযোগ, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে তিনি ছাত্রছাত্রীদের বিভিন্ন পরামর্শ দেন।
একসময় যে বিদ্যালয়ে বসে নিজের ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, সাফল্যের পর সেই বিদ্যালয়েই ফিরে এসে সৃষ্টি যেন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সামনে জীবন্ত উদাহরণ হয়ে উঠলেন। তাঁর এই ফিরে আসা শুধু পুরনো স্মৃতিচারণ নয়, বরং ছোটদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে নতুন করে অনুপ্রেরণা জোগাল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*