বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ জুলাই || দক্ষিণ ত্রিপুরার ৩৮-জোলাইবাড়ী বিজেপি মণ্ডলের উদ্যোগে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠানের সম্প্রচার উপলক্ষে বিভিন্ন বুথে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।
দলীয় সূত্রে জানা যায়, জোলাইবাড়ী বিজেপি মণ্ডলের সভাপতি সুজিত দত্তের উদ্যোগে প্রতি মাসের মতো এবারও মণ্ডলের সবকটি বুথে ‘মন কি বাত’ শোনার ব্যবস্থা করা হয়। এর মধ্যে ৩০ নম্বর বুথে অনুষ্ঠান শেষে সিপিআই(এম) ও কংগ্রেস ছেড়ে তিনটি পরিবারের মোট আটজন ভোটার বিজেপিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান মণ্ডল সভাপতি সুজিত দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ জেলা কমিটির সম্পাদক নিতিশ দেবনাথ, জোলাইবাড়ী মণ্ডল সভাপতি সুজিত দত্ত এবং দলের অন্যান্য নেতৃত্ব।
‘মন কি বাত’ অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি সুজিত দত্ত বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। তবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং উন্নয়নের ধারাকে ব্যাহত করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও দাবি করেন, সম্প্রতি কিছু ব্যক্তি নতুন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। পাশাপাশি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দায়িত্বশীলতার পরিচয় দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে বিভিন্ন সরকারের আমলে দুর্নীতির অভিযোগ উঠলেও এ ধরনের পদক্ষেপ খুব কমই দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি।
সুজিত দত্ত আগামী দিনে উন্নয়নের ধারা বজায় রাখতে এবং শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির হাত শক্তিশালী করার আহ্বান জানান।
এদিনের কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের সমাগম হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন বিজেপির দক্ষিণ জেলা কমিটির সম্পাদক নিতিশ দেবনাথ।
