তরঙ্গ কালচারাল একাডেমির উদ্যোগে ‘অল ইন্ডিয়া ট্যালেন্ট কম্পিটিশন–২০২৬’ শুরু

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৬ জুলাই || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমায় শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যে শুরু হলো ‘অল ইন্ডিয়া ট্যালেন্ট কম্পিটিশন–২০২৬’। শনিবার সকাল থেকে সাব্রুমের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লেনে অবস্থিত রামকৃষ্ণ সেবা আশ্রম সোসাইটির প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তরঙ্গ কালচারাল একাডেমি।
সকাল ৮টা থেকেই প্রতিযোগীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রথম পর্বে অনুষ্ঠিত হয় শিশুদের অঙ্কন প্রতিযোগিতা। রঙ-তুলির ছোঁয়ায় খুদে শিল্পীরা ফুটিয়ে তোলে তাদের সৃজনশীল ভাবনা। এরপর পর্যায়ক্রমে সঙ্গীত ও যোগাসন (যোগা) প্রতিযোগিতার আয়োজন করা হয়। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিযোগী এই তিনটি বিভাগে অংশগ্রহণ করে।
অনুষ্ঠান উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তরঙ্গ কালচারাল একাডেমির প্রিন্সিপাল কমল কান্তি চৌধুরী বলেন, “শিশুদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যেই আমাদের এই অল ইন্ডিয়া ট্যালেন্ট কম্পিটিশনের আয়োজন। পড়াশোনার পাশাপাশি শিল্প-সংস্কৃতি এবং শারীরিক সুস্থতার জন্য যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। সাব্রুমের মতো প্রান্তিক এলাকার ছেলেমেয়েদের বড় মঞ্চ করে দেওয়ার লক্ষ্যেই তরঙ্গ কালচারাল একাডেমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও জানান, অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে সহযোগিতার জন্য রামকৃষ্ণ সেবা আশ্রম সোসাইটি, অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।
প্রতিযোগিতাকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে দিনভর উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সবকটি প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হবে। আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি সংখ্যক প্রতিভাবান শিশু-কিশোরকে জাতীয় স্তরে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ করে দেবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*