সুব্রত দাস, গন্ডাছড়া, ২৬ জুলাই || বার্ষিক বন মহোৎসব উদযাপন উপলক্ষে গণ্ডাছড়া বন দপ্তরের উদ্যোগে রবিবার গণ্ডাছড়া দুর্গাবাড়ি নাটমন্দির প্রাঙ্গণে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। পরিবেশ সংরক্ষণ ও বনসম্পদ রক্ষার বার্তা শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও জুলাই মাসজুড়ে বন মহোৎসব উপলক্ষে বন দপ্তর বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। তারই অংশ হিসেবে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ২০০-রও বেশি কচিকাঁচা শিশু ও শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের পরেও দূর-দূরান্ত থেকে বহু শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে উপস্থিত হয়। তাদের উৎসাহের কথা বিবেচনা করে কাউকে ফিরিয়ে না দিয়ে সকলকেই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়।
বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানান, বন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি কুইজ, রচনা প্রতিযোগিতা, বিতর্ক এবং ‘রান ফর গ্রিন ত্রিপুরা’-সহ একাধিক শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। মহকুমার রাইশ্যাবাড়ি, গণ্ডাছড়া ও গঙ্গানগর—এই তিনটি রেঞ্জ এলাকায় পর্যায়ক্রমে এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে।
দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের বন মহোৎসবের মূল ও সমাপনী অনুষ্ঠান আগামী ৩১ জুলাই গণ্ডাছড়া দ্বাদশ শ্রেণি শ্রেষ্ঠ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি বন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচিরও আয়োজন করা হবে।
