বলরাম দেবনাথ, সাব্রুম, ২৮ জুলাই || ভারতের ডিজিটাল জনগণনা ২০২৭-এর অংশ হিসেবে দক্ষিণ ত্রিপুরা জেলার সাতচাঁদ আর.ডি. ব্লকে প্রথম পর্যায়ের হাউসলিস্টিং ও হাউসিং সেন্সাস (HLO) পরিচালনার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্লক প্রশাসন ও বিডিও অফিসের উদ্যোগে আগামী ১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ সমীক্ষার জন্য মাঠপর্যায়ের গণনাকর্মীদের প্রয়োজনীয় কিট, নির্দেশিকা ও অন্যান্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
জানা গেছে, আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত সাতচাঁদ আর.ডি. ব্লকের প্রতিটি এলাকায় প্রশিক্ষিত গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাবেন। এই পর্যায়ে প্রতিটি পরিবারের আবাসন সংক্রান্ত তথ্য, পরিকাঠামো এবং পরিবারের সদস্যদের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হবে, যা ডিজিটাল জনগণনা ২০২৭-এর ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।
এদিকে, নাগরিকদের সুবিধার্থে চালু হওয়া অনলাইন স্ব-গণনা (Self-Enumeration) কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। গত ১৭ জুলাই থেকে চালু হওয়া এই প্রক্রিয়া ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। আগ্রহী নাগরিকরা সরকারি পোর্টাল se.census.gov.in-এ প্রবেশ করে নিজেদের তথ্য নিজেরাই আপলোড করতে পারবেন। অনলাইনে তথ্য জমা দেওয়ার পর প্রত্যেক আবেদনকারী একটি সেলফ-এনুমারেশন আইডি (SE ID) পাবেন, যা পরবর্তীতে গণনাকর্মীরা বাড়ি পরিদর্শনে এলে তাদের কাছে প্রদর্শন করতে হবে।
সোমবার সাতচাঁদ আর.ডি. ব্লক অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সমস্ত নিয়োজিত গণনাকর্মীদের হাতে প্রয়োজনীয় গণনা সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। ডিজিটাল ডেটা সংগ্রহের লক্ষ্যে এই সামগ্রী বিতরণকে প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এ বিষয়ে সাতচাঁদ আর.ডি. ব্লকের বিডিও সৌরদীপ দেবনাথ (টিসিএস) সংবাদমাধ্যমের মাধ্যমে ব্লকবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে সকলকে গণনাকর্মীদের প্রয়োজনীয় ও সঠিক তথ্য প্রদান করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘সেন্সাস অ্যাক্ট, ১৯৪৮’ অনুযায়ী নাগরিকদের দেওয়া সমস্ত ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং এসব তথ্য শুধুমাত্র দেশের উন্নয়নমূলক পরিকল্পনা, অবকাঠামো গঠন ও জনকল্যাণমূলক প্রকল্প প্রণয়নের কাজে ব্যবহার করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সাতচাঁদ ব্লকের সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতার মাধ্যমে ডিজিটাল জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের হাউসলিস্টিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে।
