মুখ্যমন্ত্রী জন আরোগ্য অভিযান ২.০: পোয়াংবাড়ি হাই স্কুলে সফল স্বাস্থ্য শিবির, চিকিৎসা পেলেন শতাধিক মানুষ

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৭ জুলাই || প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী জন আরোগ্য অভিযান ২.০-এর আওতায় দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় অনুষ্ঠিত হলো এক বিশেষ স্বাস্থ্য শিবির। রবিবার সাব্রুম মহকুমা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং শ্রীনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় পিএমশ্রী পোয়াংবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।
স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা দিতে আগরতলা ও সাব্রুম থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য, শিশু রোগ এবং স্ত্রীরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের জন্য এক্স-রে (X-Ray) এবং ইসিজি (ECG) পরীক্ষারও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল।
শুধু চিকিৎসা পরিষেবাই নয়, সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে শিবিরে পৃথক কাউন্টারের মাধ্যমে আয়ুষ্মান কার্ড ও আধার কার্ড সংক্রান্ত পরিষেবাও প্রদান করা হয়। ফলে এক ছাতার নিচেই চিকিৎসা ও প্রয়োজনীয় সরকারি পরিষেবা পেয়ে উপকৃত হন গ্রামীণ এলাকার বাসিন্দারা।
শিবিরে স্থানীয়দের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। আশপাশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ এসে নাম নথিভুক্ত করে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।
শিবিরের ইনচার্জ চিকিৎসক ডা. প্রসেনজিৎ দাস সংবাদমাধ্যমকে জানান, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই মুখ্যমন্ত্রী জন আরোগ্য অভিযান ২.০-এর মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্য শিবির নিয়মিত আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই উদ্যোগে গ্রামীণ মানুষের মধ্যে সরকারি স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য শিবিরটি বিশেষ তাৎপর্য বহন করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*