গোপল সিং, খোয়াই, ২৭ জুলাই || দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার দুইজনের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ত্রিপুরা প্রদেশ কমিটি। আজ, ২৭শে জুলাই ২০২৬ তারিখে দলের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়ের নির্দেশক্রমে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাক্তন এমডিসি পদ্মলোচন ত্রিপুরাকে দলীয় শৃঙ্খলার চরম লঙ্ঘন, বারবার সতর্ক করা সত্ত্বেও দলবিরোধী কার্যকলাপ অব্যাহত রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী প্রচার চালানোর অভিযোগে অবিলম্বে দলের সকল দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অপরদিকে, ৮-টাউন বড়দোয়ালি মণ্ডলের অন্তর্গত ১৬ নং বুথের সদস্য দেবাশীষ সাহা (ওরফে বড় কানাই)-কে দলবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে।
ভারতীয় জনতা পার্টি পুনরায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, দলের স্বার্থ, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা সর্বোপরি এবং কোনো ব্যক্তি বা পদ সংগঠনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতেও যে কোনো ব্যক্তি দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতির পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হলে তার বিরুদ্ধে দলীয় সংবিধান অনুযায়ী যথাযথ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দলীয় তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
