প্রধানমন্ত্রীর ‘এক পেড় মা কে নাম’ অভিযানে সামিল সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশন, দমদমা স্টেডিয়ামে বৃক্ষরোপণ কর্মসূচি

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৮ জুলাই || পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে ‘এক পেড় মা কে নাম’ (মায়ের নামে একটি গাছ) কর্মসূচির আওতায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশন। সোমবার সাব্রুমের দমদমা স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবী এবং ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা শাসক (এসডিএম) সুমন রক্ষিত, সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস, বিশিষ্ট সমাজসেবক বিপুল ভৌমিক, সমাজসেবক তাপস লোধ এবং প্রাক্তন ক্রিকেটার সমীর দত্ত।
অনুষ্ঠানের সূচনায় অতিথিদের স্বাগত জানান সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় গণ চৌধুরী। এরপর বক্তব্য রাখেন মহকুমা শাসক সুমন রক্ষিত, যামিনী ভূষণ রায় চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান অরূপ রায় চৌধুরী এবং প্রধান অতিথি দীপক দত্ত। বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে প্রত্যেকেরই গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত। অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ দেন অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশীষ মজুমদার।
আলোচনা সভা শেষে দমদমা স্টেডিয়াম প্রাঙ্গণে প্রধান অতিথি দীপক দত্ত, মহকুমা শাসক সুমন রক্ষিত এবং ভাইস চেয়ারম্যান দীপক দাস-এর নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান অতিথি দীপক দত্ত এবং অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় গণ চৌধুরী এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী ঘোষিত এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদী, পরিবেশপ্রেমী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত সকলেই ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*