গোপল সিং, খোয়াই, ২৭ জুলাই || ধলাই জেলার অন্তর্গত সালেমা এলাকায় এক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ৩,১২০টি সন্দেহভাজন নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক সন্দেহভাজন যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সংবাদের ভিত্তিতে সালেমা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির সময় বাসের ভেতরে মালিকবিহীন অবস্থায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটি খুলে দেখা গেলে তার ভেতর থেকে বিপুল পরিমাণে মোট ৩,১২০টি সন্দেহভাজন নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পুলিশি উপস্থিতি টের পেয়ে ওই ব্যাগের মালিক বলে সন্দেহভাজন এক যুবক বাস থেকে নেমে দ্রুত পালিয়ে যায়। যদিও তার পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির বাজারমূল্য এবং সেগুলির প্রকৃত রাসায়নিক উপাদান নির্ধারণের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, পলাতক যুবকের সন্ধানে তল্লাশি অভিযান জোরদার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, আন্তঃরাজ্য নেশা পাচার চক্রের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত চলছে এবং খুব শিগগিরই আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে তদন্তকারী কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।
