বলরাম দেবনাথ, সাব্রুম, ২৭ জুলাই || দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার অন্তর্গত অভয়নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক বিধান বৈদ্য-এর আকস্মিক বদলির আদেশকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে ওঠে বিদ্যালয় চত্বর ও সংলগ্ন এলাকা। শিক্ষকের বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও বিক্ষোভে সামিল হন।
সকাল থেকেই বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে আন্দোলনকারীরা শিক্ষকের বদলির আদেশ বাতিলের দাবি জানাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে প্রতিবাদের অংশ হিসেবে তারা বিলোনিয়া-শ্রীনগর প্রধান সড়ক অবরোধ করেন। এর ফলে সড়কের দুই পাশে দূরপাল্লার বাস, যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী যানসহ অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধের কারণে সাধারণ পথচারী, অফিসগামী মানুষ এবং যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করেন।
আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষক বিধান বৈদ্য দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে পাঠদান করে শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। এমন একজন জনপ্রিয় শিক্ষকের আকস্মিক বদলির সিদ্ধান্তে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তাই অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে পূর্বের কর্মস্থলেই বহাল রাখার দাবি জানান আন্দোলনকারীরা।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে। শিক্ষক বদলির সিদ্ধান্ত নিয়ে শিক্ষা দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা।
