গোপল সিং, খোয়াই, ২৭ জুলাই || খোয়াই জেলার সার্বিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি, চলমান বিভিন্ন প্রকল্পসমূহের বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সোমবার বেলা ১১ টায় খোয়াইয়ের জেলা শাসক ও সমাহর্তার কার্যালয়ের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ জেলা স্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, যুব বিষয়ক ও ক্রীড়া এবং শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের সভাপতিত্বে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে ২০২৬-২৭ আর্থিক বছরে বাস্তবায়িত বিভিন্ন রাজ্যভিত্তিক এবং কেন্দ্রীয় সরকারের স্পনসরড স্কিম বা প্রকল্পগুলির অগ্রগতির খতিয়ান খতিয়ে দেখা হয়। জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা নিজ নিজ দপ্তরের বর্তমান কাজের স্থিতি, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন এবং খোয়াই জেলার মানুষের সামগ্রিক কল্যাণ ও প্রগতির স্বার্থে এই সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে কার্যকরী সমন্বয় রক্ষা ও প্রতিনিয়ত নজরদারি চালানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়।
বৈঠকে মন্ত্রী টিঙ্কু রায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহা, বিধায়ক পিণাকী দাস চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং খোয়াই জেলার জেলা শাসক রজত পন্থ সহ বিভিন্ন দপ্তরের জেলা স্তরের আধিকারিক ও অন্যান্য জনপ্রতিনিধিরা।
বৈঠক শেষে মন্ত্রী টিঙ্কু রায় জানান, জনকল্যাণ ও জেলার সামগ্রিক উন্নয়নের মূল লক্ষ্যকে সামনে রেখেই সংশ্লিষ্ট জেলার সকল সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সঙ্গে এই ফলপ্রসূ আলোচনা করা হয়েছে এবং খোয়াই জেলার উন্নয়নের ধারাকে আরও বেশি গতিশীল ও মজবুত করতে আগামী দিনেও এই সমন্বিত প্রচেষ্টা অবিরামভাবে অব্যাহত থাকবে।
