আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই || আগরতলা মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে উবার চালক ও যাত্রীদের হেনস্তার ঘটনায় কড়া পদক্ষেপ নিল রাজ্য পরিবহন দপ্তর। সংবাদ প্রকাশের পর অভিযুক্ত দুই অটোচালক দীপঙ্কর দেবনাথ ও ঝুটন আচার্য-এর বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করা হয়েছে।
পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, অভিযুক্তদের আগামী দুই দিনের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাঁদের ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিত (সাসপেন্ড) করার পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি আগরতলা এমবিবি বিমানবন্দরে অন্য একটি অটোর চাবি ছিনিয়ে নিয়ে উবার চালক ও যাত্রীদের যাতায়াতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ওই দুই অটোচালকের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর যাত্রীদের নিরাপত্তা এবং বিমানবন্দর এলাকায় শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
এরই প্রেক্ষিতে প্রশাসন তদন্ত শুরু করে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবহন দপ্তরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন মহলের একাংশ। তাঁদের মতে, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
