শান্তির বাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ আগস্ট || ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশাত্মবোধের আবেগ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তির বাজার মহকুমা প্রশাসন, বোকাফা ব্লক এবং শান্তির বাজার পুর পরিষদের যৌথ উদ্যোগে শুক্রবার এই র‍্যালির আয়োজন করা হয়।
এদিন বোকাফা ব্লক প্রাঙ্গণ থেকে তিরঙ্গা বাইক র‍্যালির শুভ সূচনা করেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং এবং মহকুমাশাসক তরুণকান্তি সরকার। জাতীয় পতাকা হাতে ও বাইকে তিরঙ্গা পতাকা নিয়ে বহু মানুষ এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।
বোকাফা ব্লক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালিটি শান্তির বাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। র‍্যালিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
তিরঙ্গা বাইক র‍্যালির উদ্দেশ্য ও আয়োজন সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত জানান বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, মহকুমাশাসক তরুণকান্তি সরকার, বোকাফা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক-সহ অন্যান্যরা।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে আয়োজিত এই তিরঙ্গা বাইক র‍্যালি শান্তির বাজারে দেশপ্রেম ও জাতীয়তাবোধের আবহ তৈরি করে। আগামী ১৫ আগস্ট বেতাগাস্থিত শান্তির বাজার গভর্নমেন্ট ডিগ্রি কলেজের মাঠে যথাযথ মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*