স্বাধীনতা দিবসের প্রাক্কালে সুভাষ পার্ক ফাঁড়ির উদ্যোগে বিশেষ ‘স্বচ্ছ ভারত অভিযান’, কোহিনূর মার্কেট সংলগ্ন এলাকায় জোরদার বাইক ও গাড়ি চেকিং

গোপাল সিং, খোয়াই, ১৪ আগস্ট || দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পরিচ্ছন্নতা ও নিরাপত্তার জোড়া জোয়ার দেখা গেল খোয়াই মহকুমায়। একদিকের সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচ্ছন্নতা অভিযান, অন্যদিকে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে রাজপথে কঠোর যানবাহন তল্লাশি চালায় খোয়াই জেলা পুলিশ প্রশাসন।
স্বাধীনতা দিবসের একদিন আগে, খোয়াই সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির কর্মী ও আধিকারিকদের উদ্যোগে ফাঁড়ি প্রাঙ্গণ এবং সংলগ্ন সুভাষপার্ক বাজার এলাকায় এক বিশেষ ‘স্বচ্ছ ভারত অভিযান’ (স্বচ্ছতা ড্রাইভ) সংগঠিত হয়। বাজার এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ করে স্থানীয় মাছ ও মাংস বাজারে ব্লিচিং পাউডার এবং ফিনাইল ছিটিয়ে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা চালানো হয়। পুলিশ কর্মী ও ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় শুভাশ পার্ক বাজার সংলগ্ন এলাকা নতুন রূপ পায়।
অন্যদিকে, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্ছিদ্র করতে গতকাল খোয়াই কোহিনূর মার্কেট কমপ্লেক্সের কাছে এক বিশেষ যানবাহন তল্লাশি অভিযান চালানো হয়। খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায়ের-এর প্রত্যক্ষ উপস্থিতিতে খোয়াই থানার ওসি প্রজিত মালাকার এবং সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার ও যৌথ পুলিশ দল এই স্পেশাল ভেহিকেল চেকিং পরিচালনা করে। তল্লাশিকালে হেলমেট ও প্রয়োজনীয় গাড়ির নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়। সীমান্তঘেঁষা খোয়াই মহকুমায় পুঙ্খানুপুঙ্খ এই নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*