দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই চালক

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৪ আগস্ট || দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার মতাই এলাকায় দুটি পণ্যবাহী ডিআই (DI) গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুই গাড়ির চালক। শুক্রবার সকালে মতাই এলাকার প্রধান সড়কে এই দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, বিপরীত দিক থেকে আসা দুটি ডিআই গাড়ির মধ্যে আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। গাড়ির কেবিনের ভিতরে আটকে থাকা দুই চালককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই একাধিক আঘাত রয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের একাংশের দাবি। তবে অতিরিক্ত গতি, অসাবধানতা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই মুখোমুখি সংঘর্ষ—তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে, মতাই এলাকার এই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*