ভয়াবহ বজ্রপাত, রক্ষা পেলেন সুব্রত দেবের পরিবার, ক্ষয়ক্ষতি ২৫ হাজারের বেশি

গোপাল সিং, খোয়াই, ২৩ আগস্ট || খোয়াই ব্লকের অধীন পূর্ব গণকি এলাকায় রাতের আঁধারে এক ভয়াবহ বজ্রপাতের ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। হঠাৎ প্রবল শব্দের সাথে বজ্রপাতে সুব্রত দেব নামক এক স্থানীয় বাসিন্দার বাড়ির বিদ্যুতিক সামগ্রী সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত, একটুর জন্য সুব্রত বাবুসহ তাঁর পরিবারের সদস্যরা মারাত্মক বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন।
ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১০টা নাগাদ খোয়াই ও আশপাশ এলাকায় হঠাৎ মুষলধারে বৃষ্টির সাথে তাণ্ডব চালায় আকস্মিক বজ্রপাত। ঠিক সেই মুহূর্তে পূর্ব গণকি এলাকার বাসিন্দা সুব্রত দেবের বসতবাড়িতে তীব্র বিকট শব্দে আছড়ে পড়ে একটি ভয়াবহ বজ্রপাত। বজ্রপাতের মারাত্মক আঘাতে সুব্রত বাবুর বাড়ি প্রাঙ্গণে থাকা দুটি বড় গাছ সম্পূর্ণ ঝলসে যায়। একই সাথে ঘরের চাল ও দেয়ালে থাকা সমস্ত ইলেকট্রিক ওয়ারিং, বাল্ব, ফ্যান এবং টিভিসহ নানাবিধ মূল্যবান ইলেকট্রনিক্স জিনিসপত্র মুহূর্তের মধ্যে জ্বলে গিয়ে নষ্ট হয়ে যায়। গৃহকর্তা সুব্রত দেব জানান, ঘটনার মুহূর্তে বিকট আওয়াজ ও আলোর ঝলকানিতে পরিবারের সদস্যরা দারুণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। ঘরের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হলেও পরিবারের কোনো সদস্য আঘাত পাননি। প্রাথমিক হিসেব অনুযায়ী, এই আকস্মিক দুর্যোগে তাঁর প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই ঘটনায় গোটা পূর্ব গণকি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*