সাড়ে ৫ লক্ষ টাকার সোনার চেইন চুরি: ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, পূর্ব থানার তৎপরতায় আটক অভিযুক্ত

গোপাল সিং, খোয়াই, ২৭ আগস্ট || রাজধানী আগরতলার বনমালীপুর এলাকায় সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের সোনার চেইন চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কিনারা করল পুলিশ। চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত সন্দেহে এক পরিচারিকাকে আটক করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ।
জানা গেছে, গত ২৫ আগস্ট সকালে বাড়িতে একটি শিশু সোনার চেইন নিয়ে খেলার সময় সেটি নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে বাড়ির পরিচারিকাদের ওপর সন্দেহ হওয়ায় পরিবারের পক্ষ থেকে ২৬ আগস্ট আগরতলা পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পরই আগরতলা পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকারের নির্দেশে পুলিশ তদন্তে নামে। মহিলা পুলিশ আধিকারিক কমলারাণী মুড়াসিংয়ের সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজন পরিচারিকাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ চুরি যাওয়া সোনার চেইনটি উদ্ধার করতে সক্ষম হয় বলে জানা গেছে।
এদিকে, একই অভিযানের ধারাবাহিকতায় পূর্ব থানার পুলিশ দুটি চুরি যাওয়া ব্যাটারিচালিত সাইকেল উদ্ধার এবং এর সঙ্গে জড়িত এক ব্যক্তিকেও আটক করেছে।
অল্প সময়ের মধ্যে পরপর চুরি সংক্রান্ত ঘটনায় পুলিশের তৎপরতা নিয়ে এলাকায় প্রশংসা দেখা দিয়েছে। পূর্ব থানার নতুন ওসি কৃষ্ণধন সরকার ও তাঁর টিমের এই সময়োপযোগী পদক্ষেপে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকা আরও জোরদার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*