বলরাম দেবনাথ, সাব্রুম, ২৭ আগস্ট || পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বড় ভাই ও বৌদির বিরুদ্ধে ছোট ভাইকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৩৫ বছর বয়সী লিটন দেবনাথ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতের লাল চাঁদ পাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে লিটন দেবনাথের সঙ্গে তাঁর বড় ভাইয়ের বচসা শুরু হয়। অভিযোগ, বচসার একপর্যায়ে বড় ভাই ও তাঁর স্ত্রী লোহার রড নিয়ে লিটনের ওপর হামলা করেন। রডের আঘাতে মাথায় গুরুতর চোট পান লিটন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান।
ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মাথার আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন।
সামান্য পারিবারিক বিবাদ কীভাবে এমন হিংসাত্মক ঘটনায় পরিণত হল, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত পদক্ষেপের তথ্য এখনও স্পষ্ট নয়।
