মায়ের সঙ্গে গাছ লাগিয়ে সবুজের বার্তা ছাত্রীর, ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিতে অনন্য উদ্যোগ

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ১১ সেপ্টেম্বর || পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিতে অংশ নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল PM Shri Sabroom Girls’ Higher Secondary School-এর ছাত্রীরা। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে এক ছাত্রী তাঁর মাকে সঙ্গে নিয়ে বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ করে।
ছবিতে দেখা যায়, মা ও মেয়ে একসঙ্গে মাটিতে চারা রোপণ করছেন। মা-মেয়ের এই যৌথ উদ্যোগ একদিকে যেমন পরিবেশ রক্ষার সচেতনতার বার্তা দিচ্ছে, অন্যদিকে তেমনই আগামী প্রজন্মের কাছে মা, প্রকৃতি ও সবুজ পরিবেশের প্রতি দায়িত্ববোধের সুন্দর দৃষ্টান্ত তুলে ধরছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিকে আরও ব্যাপকভাবে সফল করতে ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। প্রত্যেক ছাত্রীকে মায়ের সঙ্গে একটি করে গাছ লাগিয়ে সেই মুহূর্তের ছবি বিদ্যালয়ে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ের পাশাপাশি প্রতিটি পরিবারের আশপাশের পরিবেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের এই উদ্যোগে পরিবেশ সচেতনতার পাশাপাশি মা ও সন্তানের ভালোবাসার এক সুন্দর বার্তাও ফুটে উঠেছে। মায়ের নামে রোপণ করা প্রতিটি গাছ আগামী দিনে হয়ে উঠতে পারে ভালোবাসা, স্মৃতি ও সবুজ ভবিষ্যতের প্রতীক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*