আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর || আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হলো চুরি যাওয়া একটি পালসার বাইক ও একটি স্কুটি। বৃহস্পতিবার আগরতলা ট্রাফিক ভবনে যানবাহন দুটি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, গত বছরের ১২ ফেব্রুয়ারি করবুকের বাসিন্দা বিজয়রাম রিয়াং তাঁর পালসার বাইক চুরি যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অপরদিকে, আগরতলার বাসিন্দা নারায়ণ আচার্য গত বছরের ২৫ জুলাই তাঁর স্কুটি চুরি যাওয়ার বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন।
সম্প্রতি আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। অভিযানের সময় অন্যান্য যানবাহনের সঙ্গে এই পালসার বাইক ও স্কুটিটিও বেআইনি পার্কিংয়ের অভিযোগে বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে যানবাহনগুলির মালিকদের সঙ্গে যোগাযোগ করা হলে বিজয়রাম রিয়াং ও নারায়ণ আচার্য জানান, তাঁদের যানবাহনগুলি আসলে চুরি হয়ে গিয়েছিল।
এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে যানবাহন দুটির প্রকৃত মালিকদের শনাক্ত করা হয়। বৃহস্পতিবার আগরতলা ট্রাফিক ভবনে ট্রাফিক পুলিশের ডিএসপি বিজয় দাস চুরি যাওয়া পালসার বাইক ও স্কুটিটি তাঁদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
ট্রাফিক পুলিশের অভিযানে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দীর্ঘদিন আগে চুরি যাওয়া দুটি যানবাহন উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে মালিকদের মধ্যে।
