শ্রীনগর সীমান্তে যৌথ অভিযান, ১৫ বস্তা অবৈধ কাপড় উদ্ধার

বলরাম দেবনাথ, সাব্রুম, ১২ সেপ্টেম্বর || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার সীমান্তবর্তী শ্রীনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাপড় উদ্ধার করেছে বিএসএফ, কাস্টমস ও পুলিশ। অভিযানে মোট ১৫ বস্তা কাপড় বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগর সীমান্ত এলাকার একটি পরিত্যক্ত জায়গায় সন্দেহজনক অবস্থায় বেশ কয়েকটি কাপড়ের বান্ডেল পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর খবর দেওয়া হয় সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রশাসনিক কর্তৃপক্ষকে। এরপর বিএসএফ, পুলিশ ও কাস্টমস বিভাগের আধিকারিকরা যৌথভাবে সেখানে অভিযান চালান।
অভিযানে পরিত্যক্ত স্থান থেকে ১৫ বস্তা অবৈধ কাপড় উদ্ধার করা হয়। অভিযানে শ্রীনগর বিএসএফ বিওপি, শ্রীনগর ফাঁড়ি থানার পুলিশ এবং কাস্টমস বিভাগের আধিকারিকরা অংশ নেন।
তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায় বলে জানা গেছে।
উদ্ধার হওয়া কাপড়গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পাচারের উদ্দেশ্যে কাপড়গুলি আনা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হলেও, কাপড়ের প্রকৃত মালিকানা এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্তের পরই তা স্পষ্ট হবে।
সীমান্ত এলাকায় এই ধরনের অবৈধ সামগ্রী উদ্ধারের ঘটনায় ফের একবার সীমান্তে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*