আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর || আগামী ১৫ সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হবে ৫৯তম ইঞ্জিনিয়ার্স ডে। এই দিনটিকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা। এরই অঙ্গ হিসেবে রবিবার আগরতলার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
রবিবার সকাল ১০টা নাগাদ অ্যাসোসিয়েশনের সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের হাতে পুষ্টিকর সামগ্রী তুলে দেন। পাশাপাশি রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। ক্যান্সার আক্রান্ত রোগীদের দ্রুত আরোগ্য কামনা করে তাঁদের পাশে থাকার বার্তাও দেন সংগঠনের সদস্যরা।
এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরার সভাপতি শ্রী স্বপন দেববর্মন এবং সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার দেবনাথ-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে শুধুমাত্র আনুষ্ঠানিক উদযাপন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে।
আগামী ১৫ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে-র মূল অনুষ্ঠানে রাজ্যের পাওয়ার সেক্টরে কর্মজীবনে বিশেষ অবদান রাখা প্রবীণ ইঞ্জিনিয়ারদের মধ্যে তিন-চারজন বরিষ্ঠ ইঞ্জিনিয়ারকে সম্মাননা জানানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তাঁদের সঙ্গে কুশল বিনিময় ও কর্মজীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার উদ্যোগও নেওয়া হবে।
এছাড়াও একজন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রকে শিক্ষার ক্ষেত্রে সহায়তা করার জন্য আর্থিক সাহায্য প্রদানের পরিকল্পনা রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা নিয়ে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপনের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
