উনকোটির গৌরব: ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে কমিশন পেলেন কৈলাশহরের সৌরভ সিনহা

গোপাল সিং, খোয়াই, ১৩ সেপ্টেম্বর || উনকোটি জেলার সীমান্ত শহর কৈলাশহরের জালাই গ্রামের সন্তান লাল সৌরভ সিনহা ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে আনুষ্ঠানিকভাবে কমিশন লাভ করে ত্রিপুরার গৌরব বৃদ্ধি করেছেন। তাঁর এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিহারের ঐতিহাসিক গয়ায় অবস্থিত অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (OTA) থেকে এক বছরের সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন সৌরভ। ওই দিনই বর্ণাঢ্য পাসিং আউট প্যারেডের মাধ্যমে তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। তাঁর কাঁধে যুক্ত হয়েছে গর্বের তারকা।
অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোধ চন্দ্র সিনহা এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী লোকসংগীত শিল্পী আশা সিনহার সন্তান সৌরভ ছোটবেলা থেকেই দেশসেবার স্বপ্ন লালন করে আসছিলেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি একের পর এক সাফল্যের সিঁড়ি অতিক্রম করেন।
কৈলাশহরের বিমল সিংহা অ্যাকাডেমি থেকে দশম শ্রেণি এবং আগরতলার আসাম রাইফেলস পাবলিক স্কুল থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনা সম্পন্ন করেন সৌরভ। এরপর ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক ডিগ্রি অর্জন করেন।
ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করার পর টেকনিক্যাল এন্ট্রি স্কিমের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় কঠিন সার্ভিস সিলেকশন বোর্ড (SSB) ইন্টারভিউতে সাফল্য অর্জন করেন সৌরভ। এরপর অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
সৌরভ সিনহার এই সাফল্য শুধু তাঁর পরিবারের জন্য নয়, সমগ্র উনকোটি জেলা তথা ত্রিপুরার জন্য গর্বের বিষয়। তাঁর অধ্যবসায়, আত্মবিশ্বাস ও দেশসেবার মানসিকতা রাজ্যের তরুণ প্রজন্মকে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে নতুন করে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন স্থানীয়রা।
জালাই গ্রামের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ—সৌরভের এই সাফল্য নিঃসন্দেহে উনকোটির মুকুটে নতুন এক গৌরবের পালক যুক্ত করল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*