১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’, জনসেবা ও সুশাসনকে গুরুত্ব দিয়ে ১২টি কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং সাংবিধানিক পদে তাঁর ২৫ বছরের জনসেবা পূর্তি উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালন করবে রাজ্য সরকার। সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
মুখ্যমন্ত্রী জানান, ‘জন সেবা হি প্রভু সেবা’ ভাবনাকে সামনে রেখে জনসেবা, জনকল্যাণ ও সুশাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই উপলক্ষে রাজ্যে মোট ১২টি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ‘আশীর্বাদ বার্তা প্রদীপ’ কর্মসূচির মাধ্যমে অভিযানের সূচনা হবে। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, গ্রাম, শহর ও সাধারণ মানুষের বাড়িতে ৬ লক্ষেরও বেশি মাটির প্রদীপ জ্বালানো হবে। পাশাপাশি বিভিন্ন স্থানে রক্তদান শিবিরও অনুষ্ঠিত হবে।
ভিলেজ কমিটি নির্বাচন চলায় মূল কর্মসূচিগুলির বেশিরভাগই ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। এর মধ্যে ‘মেরে স্বপ্ন কা ভারত’ কর্মসূচিতে রাজ্যের ৪,৯৪৫টি স্কুলে অঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করা হবে। ‘নমঃ সেবা: আনকহি কাহানিয়া’ কর্মসূচিতে পথনাটিকার মাধ্যমে সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
‘আঙন মিলন সেবা’ কর্মসূচির আওতায় রাজ্যের ১০,৪৭৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে যুক্ত করে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্প সম্পর্কে উপভোক্তাদের সচেতন করা হবে। ‘সেবা কি কহানি’ কর্মসূচিতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরবেন।
এছাড়াও ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’র মাধ্যমে পদযাত্রা, সাইকেল ও মোটরসাইকেল র‍্যালির আয়োজন করা হবে। প্রায় ১,১৯৩টি গ্রাম এবং ২১টি শহর ও নগরকে এর আওতায় আনা হবে। যুবসমাজের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী জানান, অভিযানের সফল বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে নোডাল মন্ত্রী এবং তথ্য ও সংস্কৃতি দফতরকে নোডাল দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলায় গার্ডিয়ান মন্ত্রীরা কর্মসূচি তদারকি করবেন। মন্ত্রী, জনপ্রতিনিধি, আধিকারিক ও জেলাশাসকদের নিয়ে কর্মসূচি বাস্তবায়ন ও পর্যালোচনার জন্য বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*