বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ সেপ্টেম্বর || ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে অন্যান্য বছরের মতো এ বছরও শান্তিরবাজার পূর্ত দপ্তরের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার শান্তিরবাজার পূর্ত দপ্তরের কার্যালয়ে ভারতীয় প্রকৌশলী ও রাষ্ট্রনায়ক স্যার এম. বিশ্বেশ্বরাইয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
পরবর্তী সময়ে পূর্ত দপ্তরের কর্মরত ইঞ্জিনিয়ার ও কর্মীরা একত্রিত হয়ে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগী, স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তাকর্মীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ করেন। সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে দপ্তরের কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এদিনের কর্মসূচি সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত জানাতে গিয়ে শান্তিরবাজার পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ দাস জানান, প্রতি বছরই তাঁরা সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ডে পালন করে থাকেন। এবছরও দিবসটি উপলক্ষে কয়েকদিন আগে কুইজ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। আর ইঞ্জিনিয়ার্স ডে-র মূল দিনে জেলা হাসপাতালে মিষ্টি ও ফল বিতরণের মাধ্যমে সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পর্ব কুমার ত্রিপুরা, এসডিও প্রবীর বরণ দাসসহ দপ্তরের অন্যান্য ইঞ্জিনিয়ার ও কর্মীরা। সকলের সম্মিলিত অংশগ্রহণে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন করা হয়।
শান্তিরবাজার পূর্ত দপ্তরের পক্ষ থেকে এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করায় বিভিন্ন মহল থেকে প্রশংসা ও সাধুবাদ জানানো হয়েছে।
