গোপাল সিং, খোয়াই, ১৭ সেপ্টেম্বর || আগরতলা শহরে চোর ও সমাজবিরোধীদের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত। ‘হাল্লাবোল পার্ট-২’ অভিযানে একাধিক সাফল্য পেয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।
বৃহস্পতিবার সকালে মহারাজগঞ্জ বাজারের নেতাজী মূর্তির সামনে থেকে একটি স্কুটি (TR01AL994) চুরি যাওয়ার অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার পরই মহারাজগঞ্জ ফাঁড়ির মাধ্যমে খবর পেয়ে তদন্তে নামে পূর্ব আগরতলা থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১৬ কিলোমিটার দূরে আর.কে. নগর এলাকা থেকে চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করা হয়। ঘটনায় চম্পকনগর এলাকার দুই দাগি চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
এর পাশাপাশি থানার পৃথক অভিযানে চুরিকৃত তিনটি জলের মোটরও উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, অবৈধ মদের বিরুদ্ধেও অভিযান চালায় পুলিশ। থানা এলাকার পাল নার্সিং হোম ও চিত্তরঞ্জন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে আটটি কার্টনে রাখা মোট ২৩০ বোতল বিলাতি মদ বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় দুই মদ কারবারীকে আটক করেছে পুলিশ।
একদিকে চুরি যাওয়া স্কুটি উদ্ধার ও দুই অভিযুক্তকে গ্রেফতার, অন্যদিকে চুরিকৃত জলের মোটর উদ্ধার এবং বিপুল পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত—একসঙ্গে পুলিশের এই ধারাবাহিক সাফল্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন সাধারণ নাগরিকরা।
