গোপাল সিং, খোয়াই, ১৭ সেপ্টেম্বর || দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াইয়ে পালিত হলো “সেবা পাক্ষিক” কার্যক্রম। আজ এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে খোয়াই শহরের ঐতিহাসিক হরি মন্দির প্রাঙ্গণে আয়োজিত ‘স্বচ্ছ ভারত’ অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রামপদ জমাতিয়া। স্বচ্ছতা অভিযানের পাশাপাশি স্থানীয় পুর প্রশাসন ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এক বিশেষ পর্যালোচনা বৈঠকেও মিলত হন তিনি।
আজ সকালে হরি মন্দির প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে ‘সেবা পাক্ষিক’-এর সূচনা করা হয়। বিধানসভার স্পিকার রামপদ জমাতিয়া নিজ হাতে ঝাড়ু ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার বার্তা প্রদান করেন। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর দাস, বিজেপি খোয়াই মন্ডল সভাপতি অনুকূল দাস, প্রাক্তন বিজেপি জেলা সভাপতি বিনয় দেববর্মা, বিজেপি নেতা অনিমেষ নাগ।
এছাড়াও দলীয় অন্যান্য কার্যকর্তা ও সাধারণ যুব সমাজ এই পরিচ্ছন্নতা অভিযানে উৎসাহিত হয়ে শামিল হন।
পরিচ্ছন্নতা অভিযান শেষে মাননীয় স্পিকার আজ খোয়াই পৌরসভা কার্যালয়ে এক প্রশাসনিক ও দলীয় আলোচনা সভায় অংশগ্রহণ করেন। শহরের নাগরিক পরিষেবা, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও আসন্ন কার্যপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেখানে। উক্ত পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন খোয়াইয়ের বর্তমান মহকুমা শাসক রিমিতা সাহা, খোয়াই পৌরসভার চেয়ারম্যান দেবাশীষ নাথশর্ম্মা সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা। প্রধানমন্ত্রীর ভাবধারা ও আদর্শকে সামনে রেখে রাজ্যের প্রতিটি কোণায় এভাবে জনসেবামূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
