ভিলেজ কমিটি নির্বাচনের কারণে ঠিক এক মাস পিছিয়ে দেওয়া হলো ষান্মাসিক পরীক্ষা, সেপ্টেম্বরের বদলে আগামী ৩০শে অক্টোবর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা

গোপাল সিং, খোয়াই, ১৭ সেপ্টেম্বর || আগামী টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচন এবং প্রশাসনিক কর্মকাণ্ডের জাঁতাকলে পড়ে কার্যত শিকেয় উঠেছে রাজ্য তথা খোয়াই মহকুমার শিক্ষা ব্যবস্থা। প্রাথমিক শিক্ষা অধিকর্তা দপ্তর থেকে জারি করা এক নতুন স্মারকে (No. F. 4(254)-DEE/CEU/2026/904) তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর নির্ধারিত ষান্মাসিক পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার এমন আকস্মিক সূচী পরিবর্তনে বিভ্রান্ত ও চিন্তিত হয়ে পড়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকমহল।পরীক্ষার পরিবর্তিত নতুন সূচী অনুযায়ী দিন ঠিক থাকলেও, পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বে যেখানে আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে ৯ই অক্টোবরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার কথা ছিল, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা পিছিয়ে আগামী ৩০শে অক্টোবর থেকে ১৩ই নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা এক মাস পিছিয়ে যাওয়ায় পরবর্তী পর্যায়ক্রমিক মূল্যায়ন (PT-2)-এর প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা অতি অল্প সময় পাবে বলে অভিযোগ অভিভাবকদের।
এদিকে খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চলতি মাসের ১০ থেকে ৩০ তারিখ পর্যন্ত শ্রেণীকক্ষে পঠন-পাঠন স্তব্ধ রাখা হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ করেন। অন্যদিকে, খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয় মাঠে ১৫ থেকে ১৭ই সেপ্টেম্বর আয়োজিত অনূর্ধ্ব-১৭ রাজ্যভিত্তিক মহিলা ফুটবল প্রতিযোগিতার জন্য বহিঃজেলার খোলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হয়েছে শ্রেণীকক্ষগুলিতেই। ফলে শ্রেণীকক্ষের অভাবে খোলা আকাশের নীচে গাছতলায় ক্লাস নিতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। স্থানীয়দের অভিযোগ, জেলা সদরে খেলোয়াড়দের জন্য পৃথক ক্রীড়া হোস্টেল বা ‘পিআরটিআই’ স্থাপনের দীর্ঘদিনের দাবি থাকলেও প্রশাসনিক উদাসীনতায় প্রতি বছর স্কুলের পঠন-পাঠন ব্যাহত করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*