পিএমশ্রী সাব্রুম বালিকা বিদ্যালয়ে বিশ্ব ওজোন দিবস পালন, পাশাপাশি বয়ঃসন্ধিকালীন সচেতনতা সেমিনার

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৭ সেপ্টেম্বর || বিশ্ব ওজোন দিবস উপলক্ষে বুধবার পিএমশ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।
বিদ্যালয়ের হলঘরে ইকোক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় পোস্টার প্রতিযোগিতা। পাশাপাশি ওজোন স্তর ও পরিবেশ রক্ষার গুরুত্ব নিয়ে আয়োজন করা হয় তথ্যভিত্তিক আলোচনা সভার।
আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস। তিনি ওজোন স্তর কীভাবে পৃথিবীকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব কতটা—তা নিয়ে ছাত্রীদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ।
বিশ্ব ওজোন দিবসের তাৎপর্য নিয়ে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখে বিদ্যালয়ের ছাত্রী পৃথিকা দেবনাথ। পরিবেশ রক্ষায় ওজোন স্তর সুরক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে সে।
এদিকে, একই দিনে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আরও একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সেমিনার।
দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করতে একটি কেন্দ্রীয় সংস্থা EDCL-এর উদ্যোগে নিয়মিত সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হচ্ছে।
এরই অংশ হিসেবে আজ পিএমশ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত হয় বিশেষ সচেতনতা সেমিনার।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন হিমানী রবিদাস। তিনি বয়ঃসন্ধিকালে ছাত্রীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, বিভিন্ন সমস্যা এবং সেই সময় কীভাবে সচেতন থাকা প্রয়োজন—এসব বিষয় নিয়ে ছাত্রীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনার শেষে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে হিমানী রবিদাস বয়ঃসন্ধিকালে ছাত্রীদের সচেতনতা, স্বাস্থ্যবিধি এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
একই দিনে পরিবেশ সচেতনতা এবং ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা—দুই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে পিএমশ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচি ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*