নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে আমরা বাঙালীর বিক্ষোভ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর || নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগসহ একাধিক দাবিতে রবিবার বিক্ষোভ কর্মসূচি পালন করল আমরা বাঙালী দল। দলের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ক্রমবর্ধমান দাম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা বাঙালী দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল, প্রচার সচিব দুলাল ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার দাসসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভকারীদের বক্তব্য, শুধু পেট্রোল-ডিজেলের দামই নয়, প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। বিশেষ করে চালের দাম রেকর্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে। পাশাপাশি ‘স্মার্ট সিটি’র নামে কর বৃদ্ধির অভিযোগ তুলে সরকারের নীতিরও সমালোচনা করা হয়।
দলের নেতৃবৃন্দের অভিযোগ, একদিকে সাধারণ মানুষের রুজি-রোজগারের সুযোগ কমছে, অন্যদিকে ছোট ব্যবসায়ী ও স্থানীয় দোকানদাররা নানা সমস্যার মুখে পড়ছেন। মোটরস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পার্কিং ব্যবস্থা ও উন্নয়নের নামে সরকারি জমি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ না থাকায় অনেকেই বিপথে চলে যাওয়ার ঝুঁকিতে পড়ছেন।
শিক্ষাক্ষেত্রেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আমরা বাঙালী দলের নেতৃবৃন্দ। তাঁদের অভিযোগ, বহু বেকার যুবক-যুবতী বি.এড করে টেট উত্তীর্ণ হওয়ার পরও চাকরির অপেক্ষায় রয়েছেন। অথচ বিভিন্ন সরকারি বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে পঠনপাঠন ব্যাহত হচ্ছে এবং কোথাও কোথাও ছাত্রছাত্রীদের আন্দোলনে নামতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের আরও আন্তরিক হওয়া উচিত বলে দাবি করেন তারা।
এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, পর্যটন ও মন্দির নির্মাণে বিপুল অর্থ ব্যয়ের প্রসঙ্গ তুলে ধরে শিক্ষা ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি সরকার এখনও পূরণ করতে পারেনি বলেও অভিযোগ করেন দলের নেতারা।
এদিন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন অধিকার ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। ত্রিপাক্ষিক চুক্তির শর্তগুলি জনসমক্ষে প্রকাশ না করার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেন তারা। পাশাপাশি ‘এসআইআর’-কে ঘিরেও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করা হয়।
বিক্ষোভ কর্মসূচি থেকে রাজ্যবাসীর স্বার্থে মোট পাঁচ দফা দাবি তুলে ধরে আমরা বাঙালী দল। দাবিগুলি হলো—

১. নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে অবিলম্বে লাগাম টানতে হবে।

২. বিভিন্ন শূন্যপদে দ্রুত বেকারদের নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৩. দুর্গাপূজার আগে শহরের রাস্তাঘাট দ্রুত মেরামত করতে হবে।

৪. স্থানীয় বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি উদ্যোগে জমি দিয়ে দোকানপাটের ব্যবস্থা করতে হবে।

৫. অবিলম্বে টেট উত্তীর্ণ বেকারদের নিয়োগ করতে হবে।

দাবিগুলি দ্রুত কার্যকর না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় দলের পক্ষ থেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*