কমলপুরে গভীর রাতে নাকা চেকিংয়ে বোলেরো গাড়ি থেকে উদ্ধার নগদ ৪০ লক্ষ টাকা, ধর্মনগর-আগরতলা সড়কে আটক ৫

গোপাল সিং, খোয়াই, ২০ সেপ্টেম্বর || রাজ্যে আসন্ন উৎসব ও নির্বাচনী মরসুমের আবহে গোপন নজরদারি বাড়াতেই কমলপুরে পুলিশের নাকা তল্লাশিতে মিলল বিশাল সাফল্য। শনিবার গভীর রাতে কমলপুর থানাধীন দুর্গা চৌমুহনী এলাকায় নাকা চেকিং চলাকালীন ধর্মনগর থেকে আগরতলা অভিমুখী একটি বোলেরো গাড়ি আটকে তল্লাশি চালিয়ে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গাড়িতে থাকা ৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ধর্মনগর থেকে আগরতলার দিকে যাওয়া সন্দেহভাজন বোলেরো গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই মিলিয়নেটের মতো উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নগদ টাকা। ব্যাঙ্ক থেকে আনা নোট গণনার মেশিনের (Currency Counting Machine) সাহায্যে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে দীর্ঘ সময় ধরে টাকা গণনার পর জানা যায় মোট অঙ্ক ৪০ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেন যে, উদ্ধার হওয়া বিপুল অর্থ সুপারি ব্যবসার লেনদেনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তাঁদের কথাবার্তা ও বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলায় সন্দেহ ঘনীভূত হয়েছে পুলিশের।
বিপুল অংকের নগদ অর্থ উদ্ধার হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মহকুমা পুলিশ প্রশাসন ও মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। এত বিশাল পরিমাণ নগদ অর্থের আসল উৎস কী, এই টাকা কোথায় পৌঁছে দেওয়ার ছক ছিল এবং এর পেছনে বড় কোনো আর্থিক প্রতারণা বা অবৈধ চক্র জড়িত আছে কি না—তা খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
আটক ৫ জন এবং উদ্ধার হওয়া ৪০ লক্ষ টাকা আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সাথে বিষয়টি আয়কর দপ্তরকেও অবহিত করা হতে পারে বলে বিশেষ সূত্রে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*