অভিভাবকের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে নাবালিকাকে মারধরের অভিযোগ, প্রাণনাশের হুমকির অভিযোগে পলাতক অভিযুক্ত, নিরাপত্তার দাবিতে পরিবারের থানায় দ্বারস্থ

গোপাল সিং, খোয়াই, ২১ সেপ্টেম্বর || অভিভাবকের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধলাই জেলার আমবাসা থানাধীন এলাকায়। ঘটনাটি ঘটেছে আমবাসা থানার অন্তর্গত ম্যাগাজিন পাড়া এলাকার খাদ্য গোদাম সংলগ্ন অঞ্চলে। অভিযোগের তীর স্থানীয় বাসিন্দা হারু পালের দিকে।
পরিবারের অভিযোগ, ঘটনার সময় বাড়িতে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য উপস্থিত ছিলেন না। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে নাবালিকাকে মারধর করেন এবং পরে তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা ও তার পরিবার।
অভিযোগ, ঘটনার পর থেকেই অভিযুক্ত হারু পাল এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন। তাকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আক্রান্ত নাবালিকার পরিবার।
ঘটনার পর নাবালিকার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে পরিবার। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমবাসা থানার পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে।
এদিকে, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অভিযোগের সত্যতা, ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে অভিযুক্তের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*